ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু, শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে স্পিডবোটের ঢেউয়ে নৌকা উল্টে ডুবে মারা গেছেন এক দম্পতি। এ ঘটনায় তাদের সাত বছরের শিশু সন্তান নিখোঁজ আছে।

আজ সোমবার নবীনগর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. হুমায়ুন কবীর নৌকাডুবির ঘটনা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর জানান, সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার ভৈরবনগর ও উরখুলিয়ার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটির পাশ দিয়ে দ্রুত বেগে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে এটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে। এই প্রতিবেদন লেখায় পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছিল। নৌকাটিতে থাকা অপর তিন জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। নিখোঁজ আছে তাদের সাত বছরের কন্যা সন্তান মারিয়া।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, দুজনের মরদেহ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়।

স্থানীয় কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত রিয়াদ ও লিজা দম্পতি পরিবারসহ সিলেটে থাকেন। সোমবার তারা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়েছিলেন।'