ভাটারায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ভাটারা এলাকায় দেয়াল চাপা পড়ে আহত আজহারুল ইসলাম সবুজ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভাটারা সোলমাইদ রোড ব্যাপারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সবুজের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার নামাগাঁও গ্রামে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। সবুজ ডুয়েলিং রিয়েল এস্টেট নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রতিষ্ঠানটির সাইট ম্যানেজার আবু বক্কর জানান, সবুজ মাটি কাটার কাজ করতেন। আজ সকাল থেকে ৮ জন কাজ করছিলেন। দুর্ঘটনার সময় নির্মাণাধীন ১০ তলা ভবনের সীমানা প্রাচীর ঘেঁষে সবুজ বসে ছিলেন, বাকিরা কিছুটা দূরে ছিলেন। হঠাৎ ৬ ফুট উচ্চতার দেয়ালটি ধসে পড়ে। চাপা পড়ে সবুজ গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।