ভীমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভীমরুলের কামড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ভীমরুলের আক্রমণের শিকার হন তিনি।

মৃত সুভাষ রায় (৪৫) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামের বাসিন্দা এবং চাপারহাট শামসুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ভীমরুলের আক্রমণের শিকার হওয়ার পর সুভাষ ভীমরুলের কামড়ে আহত হয়ে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কলেজ শিক্ষকের স্ত্রী মিনতি রানী রায় দ্য ডেইলি স্টারকে জানান, মশার উপদ্রব থামাতে তার স্বামী বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করছিলেন। সেখানে ভীমরুলের চাক থাকতে পারে সেটি তার ধারণা ছিল না। একসঙ্গে কয়েক হাজার ভীমরুল তাকে আক্রমণ করছিল। ভীমরুলের কামড়ে যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন এবং জ্ঞান হারিয়েছিলেন।