ভোলায় ট্রলার ডুবি: নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার মেঘনার হাজিরহাট পয়েন্ট থেকে এরশাদ (৩৫) ও আকবর (৩৬) নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি উপজেলার চরপাতা গ্রামে।

এ ঘটনায় এখনও মমিন (২৫) নামের আরেক জেলে নিখোঁজ আছেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ২ টার দিকে ৯ জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে ছিল। এ সময় ঢাকা থেকে হাতায়াগামী তাসরিফ-২ নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ৬ জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে নিখোঁজ ছিলেন। আজ সকাল থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ২টি টিমের ডুবুরিরা অভিযান চালিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় জেলেদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।