মতিঝিলে গ্যারেজে আগুন লেগে পুড়ল দুটি বাস ও প্রাইভেটকার

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডে ছয়টি গ্যারেজ, দুটি এসি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। আজ রোববার সকাল ১১টার দিকে গোপীবাগ এলাকায় সাদেক খান রোডের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

gopibag_fire1_25july21.jpg
আজ রোববার সকাল ১১টার দিকে গোপীবাগ এলাকায় সাদেক খান রোডের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে গোপীবাগ বালুর মাঠে অবস্থিত একটি গাড়ির গ্যারেজে ১১টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ১১টা ৫২ মিনিটে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার'র আলোকচিত্রী প্রবীর দাস প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি গ্যারেজে সিল্ক লাইন কোম্পানির দুটি বাস রাখা ছিল। হঠাৎ আগুন লাগার পরে দুটি বাসেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ছয়টি গ্যারেজ, দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এগুলো হলো— রহমান মোটরস, মেসার্স সোহেল মোটরস, আরিফ মোটরস, গাজী মোটরস, চিটাগাং মোটরস ও নিউ জননী মোটরস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বজলুর রশীদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে যায়।