বরগুনা

মাইক্রোবাস খাদে পড়ে ২ চীনা নাগরিকসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার মাইক্রোবাস খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।

দুর্ঘটনার বিষয়ে তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের দোভাষী তন্ময় দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান ঢাকা থেকে মাইক্রোবাসে তালতলীতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন। এতে তিন জন নিহত হয়েছেন।'

পুলিশ জানায়, ওই তিন কর্মকর্তা ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বরগুনার তালতলীতে যাচ্ছিলেন। পথের মধ্যে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ মাইক্রোবাসের চালকসহ চার জনকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন, 'তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দূতাবাস নিহত দুই চীনা নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।'