মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪
মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। আজ রোববার রাতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহবুব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে উপজেলার রামকান্তপুর এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— শালিখা উপজেলার দীঘলপুর গ্ৰামের বাসিন্দা ছহিরন বেগম (৫৫), একই উপজেলার শতখালী গ্ৰামের নাজমা খাতুন (২৮) ও মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্ৰামের মামুন হোসেন (২৫)।
মাহবুব আরও বলেন, যশোর থেকে আজ বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অন্তত ৪০ জন যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে ৩টার দিকে রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে মামুন ছিলেন বাসচালকের সহকারী (হেলপার)। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন যাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা এখনো চালকের খোঁজ পাইনি। অজ্ঞাতপরিচয় নিহত ব্যক্তি ওই বাসের চালক কি না তা জানার চেষ্টা চলছে।