মাতারবাড়ি চ্যানেলে টাগশিপ ডুবে নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
জিয়াং হং চেন নামে ওই চীনা নাগরিক মাতারবাড়ি বন্দরে কর্মরত ছিলেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাতাবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, 'গত ৩১ মার্চ দুপুরে মাতাবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগর চ্যানেলের মুখে একটি টাগশীপ ডুবে যায়। ডুবে যাওয়া টাগশিপে থাকা চীনা নাগরিক জিয়াং নিখোঁজ ছিলেন। আজ দুপুরে চ্যানেলের অদূরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরি দল।'
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, 'মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বন্দর কর্তৃপক্ষে লিখিতভাবে জানালে মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।'