মানিকগঞ্জে প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যার দিকে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম সাইদুর রহমান (৩২)। এ দুর্ঘটনায় আহতরা হলেন- উজ্জল হোসেন (৩৫) ও তার স্ত্রী রেশমা বেগম (২৮)। তাদের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে সাইদুর তার খালাতো বোন ও তার স্বামীকে পৌঁছে দিতে মোটরসাইকেলে সাভার যাচ্ছিলেন। পথে পাচুরিয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত হয় দুই আরোহী।

আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।