মানিকগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৯
মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পিকআপ ভ্যানটি ময়মনসিংহ থেকে মাছের পোনা নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল। সেলফী পরিবহনের বাসটি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। সকাল পৌনে ৬টার দিকে ভাটবাউর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। দুর্ঘটনার পরে মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।'