মিরপুরে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় বিস্ফোরণ থেকে সৃষ্টি আগুনে শিশুসহ দগ্ধ সাত জনের মধ্যে একজন মারা গেছেন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএম আইয়ুব হোসেন। তিনি জানান, বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রিনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। তার শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানে চিকিৎসাধীন বাকি ছয় জনের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে।