মিরপুরে ১২ তলা ভবনের দেয়াল প্লাস্টারের সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মিরপুরে একটি ভবন থেকে নিচে পড়ে মনিরুল ইসলাম (৬০) নামের এক শ্রমিক মারা গেছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মনিরুলের সহকর্মী তহুরুল ইসলাম জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের আড়ং শো-রুমের ১২তলা ভবনে রিপেয়ারিংয়ের কাজ করছিলেন। ভবনের ষষ্ঠতলার বাইরে মাচান বেধে দেয়াল প্লাস্টারের কাজ করার সময় সেখান থেকে নীচে পড়ে যান মনিরুল।
মনিরুলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সহকর্মীরা মনিরুলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তবে তিনি মিরপুর ১২ নম্বর সেকশনেই থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।