মুন্সিগঞ্জে পৃথক ট্রাকচাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সদর উপজেলা ও টংগিবাড়ী উপজেলায় পৃথক ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

নিহতেরা হলো— মো. আপন হোসেন (১০) ও ইমাম হোসেন (৮)।

আপন পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকার মো. আল আমিন শৈয়ালের ছেলে ও ভট্টাচার্যেরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ইমাম টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে ও আব্দুল্লাহপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকচাপায় ইমাম নিহত হয়।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোল্লা সোয়েব আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় ইমামের। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দেয়।

এর আগে বিকেল ৪টায় সদর উপজেলার সিপাহীপাড়া-মিরকাদিম সড়কের কাঁঠালতলা এলাকায় ট্রাকচাপায় সাইকেল আরোহী স্কুলছাত্র আপন নিহত হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বজন, প্রতিবেশী ও স্কুলছাত্ররা।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল ইসলাম

জানান, স্কুলছাত্র ও ট্রাকটি সড়কের একই লেনে যাচ্ছিল। কিন্তু বেপরোয়া গতির

বালুবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আপনের। এ ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।