মুন্সিগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ২ নারীসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা এলাকায় একটি প্রাইভেটকার খাদে পড়ে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তাদের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

কখন এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছে না হাইওয়ে পুলিশ। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে থাকা প্রাইভেটকারটি পানিতে ডুবন্ত অবস্থায় উল্টে ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ির ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেন। এর মধ্যে দুজন নারী ও এক জন পুরুষ। তাদের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের টহল টিম কেউ দেখেনি। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান জানান, গাড়ির দরজা, জানালা সব বন্ধ ছিল। নিহত তিন জনের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। গাড়িটি পানিতে ডুবে ছিল, যার কারণে ভেতরে থাকা যাত্রীদের মৃত্যু হয়। মহাসড়ক থেকে খাদটি প্রায় ৩০ ফুট নিচে।