মোহাম্মদপুরে চায়ের দোকানে বাসের ধাক্কা, আহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে বাসের ধাক্কায় রাস্তার পাশের ১টি চায়ের দোকান ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ২ জন আহত হয়েছেন।

আজ বিকেল ৩টার দিকে রিংরোডে জাপান গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ পরিবহনের দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা দিলে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়।

বাসটি এ সময় আরো কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং এতে ২ জন আহত হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় আহত ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।