মোহাম্মদপুরে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে লরির ধাক্কায় এটিএম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজ ভোর ৪টার দিকে মৃত তাকে ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে গণভবনের বিপরীত পাশে রাস্তার ক্রসিংয়ে একটি লরি এটিএম মোতাকাব্বির হোসেন জুয়েলকে ধাক্কা দেয়।

'পরে সংবাদ পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' যোগ করেন তিনি।

লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, পেশায় ঠিকাদার জুয়েল ঠাকুরগাঁও'র পীরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে। তিনি মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে থাকতেন।