ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
আজ সকাল ১১টায় ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া গ্রামে যাত্রীবোঝাই অটোরিকশাকে বালিবোঝাই ট্রাকের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মো. কামাল হোসেন জানান, সকাল ১১টার দিকে বালিবোঝাই ট্রাক যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের হোসেন আলী (৪৫) ও করুরা গ্রামের মো আব্দুল মতিন। দুর্ঘটনায় আহত শাকিল নামে আরেক যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত অন্য ৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আছেন বলে জানান ওসি।
তিনি আরও বলেন, 'পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।'