ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্থলবন্দরের ২ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইটাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্থলবন্দরের ২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হবি মিয়া (৩৫) ও হারুন মিয়া (৬৫) হালুয়াঘাটের গাজীপুর গ্রামের বাসিন্দা।

শাহিনুজ্জামান খান বলেন, 'আজ বৃহস্পতিবার সকালে হিউম্যান হলারে করে ২৫ জন শ্রমিক কর্মস্থল হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ইটাখোলা এলাকায় পৌঁছানোর পর হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নালায় পড়ে যায়। এতে ৮ শ্রমিক আহত হন।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রা আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হবি ও হারুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩ জনের পরিস্থিতির অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে।'