যমুনায় নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোসাব্বের হোসেন ফাইন (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে।

মোসাব্বের হোসেন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের (এমএআরসি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুর রহমানের ছেলে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে মোসাব্বের নদীতে নেমে নিখোঁজ হন।

স্বজনের বরাত দিয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'মোসাব্বের গতকাল উপজেলার দিঘলকান্দি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমুনা নদীতে গোসল করতে নামেন। তিনি সাঁতার জানতেন না। গোসলের এক পর্যায়ে মোসাব্বের নদীর গভীর খাদে ডুবে যান। দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।'