যমুনায় নৌকা থেকে পড়ে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৫ জন। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাতে রাজশাহী থেকে ডুবুরি দল রওনা হয়েছে।
আজ শুক্রবার সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
মৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাচশিরা গ্রামের সিলিমন বেগম (৬০) ও একই গ্রামের ফুলজান বেগম (৫০)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে একটি নৌকা সিরাজগঞ্জের এনায়েতপুরে মাজারের দিকে আসছিল।'
'এনায়েতপুর ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোতে নৌকা থেকে অনেকেই নদীতে পড়ে যায়। সেসময় স্থানীয়রা অধিকাংশদের উদ্ধার করলেও ৭ জন নিখোঁজ থাকেন।'
তিনি জানান, রাতে বেলকুচি ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
'রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজদের সন্ধানে অভিযান চালাবে' উল্লেখ করে ওসি আরও বলেন, 'ইতোমধ্যে ডুবুরি দল রওনা দিয়েছে।'