যশোরের অভয়নগরে বাসচাপায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের অভয়নগর উপজেলায় বাসচাপায় ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবন থেকে পিকনিক করে ফেরার পথে রূপসা পরিবহনের চাপায় তারা নিহত হন।

উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি ঘটেছে উপজেলার বসুন্দিয়ার প্রেমবাগ স্কুলের কাছে যশোর-খুলনা মহাসড়কে।'

তিনি জানান, রাজশাহী থেকে সুন্দরবনে পিকনিকে আসা বাসটি প্রেমবাগ এলাকায় নামাজের বিরতি নেয়। নামাজ শেষে সড়ক পার হওয়ার সময় রূপসা পরিবহনের দ্রুতগামী বাস (যশোর চ-১১-০০১৯৬) সুবেদ আলী (৫৫) ও কুবাদ আলী (৫৪) চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান।

নিহতদের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। বাসটিকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।