যশোরের শার্শায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের শার্শার নাভারন মোড়ে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহেন্দ্র চালক নুরু গাইন (৪৪) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অন্যজন মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) একই উপজেলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, উপজেলার বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণগামী মাহেন্দ্র নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে জখম হন।

তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। চালক ও সহযোগী পলাতক। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।