যশোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান বাচ্চু (৪০) উপজেলার বাসুন্দিয়া ইউনিয়নের ঘুনি বাজার এলাকার বাসিন্দা।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুর রহমান বাচ্চু মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এসময় একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।