যশোরে ট্রেনের ধাক্কায় ২ গরু ব্যবসায়ী নিহত
যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা দুটি গরুও মারা গেছে।
আজ রোববার দুপুরে উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের নওশের আলীর ছেলে শহিদ শেখ (৫২) ও একই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে মফিজ উদ্দিন (৩৮)।
দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের সবুর গাজীর ছেলে রাসেল গাজীকে (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনাস্থলের রেল ক্রসিংটি রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত ক্রসিং ছিল না। রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।