যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। 

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনা দুটির বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৃথক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৬) ও মোহাম্মদ ফরিদ (৩৫) নিহত হয়েছেন। নিহত শরিফুল যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। পেশায় ইজিবাইক চালক। এ ছাড়া ফরিদ একই উপজেলার কচুয়া ইউনিয়নের টেকেরহাট এলাকার বাসিন্দা, তিনি ভ্যানচালক ছিলেন। 
 
শরিফুলের ভাই জামাল উদ্দিন জানান, শনিবার বিকেলে তার ভাই ইজিবাইক চালিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে অভয়নগরের চাঁদ ফিডের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ছাড়া আজ সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় এলাকায় ট্রাকের চাপায় ভ্যানচালক ফরিদ মারা যায়। ফরিদ তার ভ্যানে যাত্রী নিয়ে বসুন্দিয়া যাওয়ার পথে ঘুনির মোড়ে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়। 

ট্রাকের ধাক্কায় আরও ৪ যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।