যশোরে বাসচাপায় নানি-নাতনি নিহত

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে যাত্রীবাহী বাসের চাপায় নানি-নাতনি নিহত এবং আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও তার নাতনি সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া খাতুন (২০)।

এ ছাড়া, দুর্ঘটনায় সিরাজসিংহা গ্রামের লিটন সরদারের মেয়ে তুলি (১২) ও একই গ্রামের ভ্যানচালক সাধন দাসের ছেলে উত্তম দাস গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে যশোরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যাত্রীবাহী ভ্যানটি শহরে আসার সময় ধর্মতলা রেলক্রসিংয়ের খাদে পড়ে উল্টে যায়। সেসময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নানি ও নাতনির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।'

ওসি আরও জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে, বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।