যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে যশোর-নড়াইল সড়কের দাঁতপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন।
তিনি জানান, নিহত ব্যক্তি হলেন বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে বাসচালক রুস্তম আলী (৫০)।
নিহতের ভাই জয়নাল আবেদিন জানান, রুস্তম যশোর-খুলনা রুটের বাসচালক। তিনি বাস চালিয়ে নড়াইল যাচ্ছিলেন। পথিমধ্যে দাঁতপুরে পৌঁছালে বাসের একটি চাকা ব্লাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা রুস্তমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে আনার আগেই রুস্তম মারা যান।'
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, 'নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার জন যশোর জেনারেল হাসপাতালে ও দুই জন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।'