যাত্রাবাড়ীতে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১ শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি স্ট্রিল মিলে বিস্ফোরণে দগ্ধ শ্রমিক শাহীন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাহীনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. আইয়ুব আরও জানান, মাঈনুদ্দিন ও আক্তার হোসেন বর্তমানে চিকিৎসাধীন। মাঈনুদ্দিনের ৫৪ শতাংশ এবং আক্তার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কজনক।

শাহীনের শ্বশুর মাহবুবুর রহমান জানান, তাদের বাড়ি পঞ্চগড় জেলায়। শাহীন তার স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। শাহীন স্টিল মিলে ক্রেন ড্রাইভার পদে চাকরি করতেন।

গতকাল রাতে যাত্রাবাড়ীর কোণাপাড়ায় শাহরিয়ার স্ট্রিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ জন দগ্ধ হন।