যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় তরুণ নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় গাড়ি চাপা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (১৮) এর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। মাতুয়াইলের মুসলিমনগর এলাকায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, রায়েরবাগ জোড়খাম্বা রানা সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি শফিকুলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, দুই ভাই দুই বোনের মধ্যে শফিকুল ছিল বড়। সে রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় একটি লেদ মেশিনে কাজ করত।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম রাত ১০টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।