যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আহত বৃদ্ধের ঢামেক হাসপাতালে মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় আহত দবির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন সকালে সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দবির উদ্দিন আহত হন। পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

পথচারীদের একজন রবিউল ইসলাম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে ওই ব্যক্তি রায়েরবাগ মাতৃসদন হাসপাতালে করোনার টিকা নিয়ে বের হন। রাস্তা পারাপার হওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিষয়টি জেনে হাসপাতালে আসেন দবির উদ্দিনের স্বজন। হাসপাতালে তার মেয়ে মমতাজ ইসলাম জানান, তাদের বাসা ডেমরা ডগাইর নতুনপাড়ায়। তার বাবা পেশায় কাঠমিস্ত্রী। সকালে রায়েরবাগ মাতৃসদনে তিনি করোনার টিকা নিতে গিয়েছিলেন। ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

মমতাজ বলেন, বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে জেনেছিলাম। এসে আর জীবিত দেখতে পাইনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় অবহিত করা হয়েছে।