যাত্রাবাড়ীতে শিশুসহ একই পরিবারের ৩ জন আগুনে দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কোনাপাড়ায় একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে কোনাপাড়ার আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের মালিকানাধীন একটি ৪ তলা ভবনের নিচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হলেন আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা আক্তার।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা একই ভবনের আরেক ভাড়াটিয়া ভভ
মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সেহরির জন্য উঠে চুলা জ্বালাতে যান। সেসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরে থাকা সবাই বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে তাদের গায়ে আগুন লেগে যায়।
মোহাম্মদ হাসানের ধারণা, ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়ে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। কারণ আগুন নেভানোর পর তারা ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পেয়েছেন।
দগ্ধ খাদিজার বড় ভাই সুরুজ রানার কাছ থেকে জানা যায়, আব্দুল করিম তার স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় আব্দুল করিমের একটি মুদি দোকান আছে। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, খাদিজার ৯৫ শতাংশ ও ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা ও ফাতেমা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।