যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে সাদ্দাম মার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত হন রুহুল আমিন।

তার ছেলে মো. হুমায়ুন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বাড়িতে তারা ভাড়া থাকেন। রুহুল আমিন রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।

হুমায়ুন আরও জানান, প্রতিদিনের মতো আজ ভোরে বাসা থেকে কাজে যেতে বের হয়েছিলেন রুহুল আমিন। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।