রংপুরে লিফটের চেম্বার থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরে সকালে পরিবার নিয়ে ভাড়া বাসায় উঠে রাতেই লিফটের চেম্বারে মিললো শিশুর মরদেহ।

নিখোঁজের ৫ ঘণ্টা পর একটি বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের চেম্বার থেকে মাহাদিন ইসলাম তামাম সরকারের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহাদিন ইসলাম তামাম সরকার পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নির্মাণাধীন ওই বহুতল ভবনটিতে ভাড়ায় ওঠেন মোনায়েম সরকার মানু।

সন্ধ্যা ৭টার দিকে তামামকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ ভবনটির নির্মাণাধীন লিফটের নিচে গর্তের পানিতে তামামের স্যান্ডেল ভেসে থাকতে দেখে। সন্দেহ হলে সেই পানি অপসারণ করে রাত ১২টায় তামামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলি জানান, নিখোঁজ শিশুর মরদেহ নির্মাণাধীন লিফটের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।