রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই নারীর নাম শামসুন্নাহার বেগম (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোসপুর গ্রামের বাসিন্দা।

তার মেয়ে রাজিয়া সুলতানা জানিয়েছেন, গত শনিবার সকালে বাড়িতে চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়।

শামসুন্নাহার বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ।

তিনি বলেন, 'তার শরীরের ৬০ শতাংশ পুড়ে শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর বাঁচানো যায়নি। এবার শীত মৌসুমে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে এটি প্রথম মৃত্যু।'

বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে ২২ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ৫ দিনে ভর্তি হয়েছেন ১৩ জন। চিকিৎসাধীন দগ্ধ রোগীদের মধ্যে এক বৃদ্ধাসহ আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।