রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদি পুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
হতাহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাস দুটি বলদি পুকুর এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয় জন নিহত হন এবং আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ যাত্রী।
তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।