রমনা পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর রমনা পার্কের সামনের রাস্তায় মোটরসাইকেল ধাক্কায় তৃষ্ণা সাহা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় তৃষ্ণার সঙ্গে ছিলেন তার বান্ধবী কল্পনা পাল। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, তৃষ্ণা সাহা রাজধানীর বিজয় নগর এলাকায় থাকেন। দুজনই ডায়াবেটিসের রোগী। প্রতিদিন বিকেলে তারা রমনা পার্কে হাটতে বের হন। আজ বিকেলেও দুজন একসঙ্গে পার্কে হাটতে গিয়েছিলেন। পার্ক পুরোটা ঘুরে বাসায় ফেরার জন্য এক নম্বর গেটে আসেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রতগতির মোটরসাইকেল তৃষ্ণাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং তার শাড়ি মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এ অবস্থায় মোটরসাইকেলের চালক তৃষ্ণাকে ১০-১৫ হাত দূরে হিঁচড়ে নিয়ে যায়।'
চালক বেপোরোয়া গতীতে মোটরসাইকেল চালাচ্ছিল বলেও জানান তিনি।
পথচারী মো. সজিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোটরসাইকেলটি শেরাটন হোটেলের দিকে যাচ্ছিল। রমনা পার্কের এক নম্বর গেটের সামনেই ওই নারীকে ধাক্কা দিলে তিনি পড়ে যান, পরে মোটরসাইকেল তাকে টেনে নিয়ে যায়।মোটরসাইকেলটিও রাস্তায় পড়ে যায়। দেখতে পেয়ে ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন ভুইয়া জানান, মোটরসাইকেলে ধাক্কায় ওই নারী মারা গেছে। ঘটনার পরই মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে মেয়ে মিথি সাহা হাসপাতালে ছুটে যান। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি টাঙ্গাইলে। তার বাবা উত্তম কুমার সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা তৃষ্ণা সাহা গৃহিণী ছিলেন। বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তাই প্রতিদিন হাঁটতে বের হতেন।