রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মহাখালী ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীর আমতলা মেইন রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত বিলকিস বেগমকে উদ্ধার করে বনানী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, মহাখালী আমতলা মেইন রাস্তায় স্টাফবাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয়। ঘটনাস্থলের কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্টাফবাসটি জব্দ করেছে। তবে, চালক পালিয়ে গেছে।

তিনি জানান, নিহত বিলকিসের এক স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে- তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বদ্দা গ্রামে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোড এলাকায় আরেক দুর্ঘটনায় মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহিম কাজি (১৮) নিহত হয়েছেন। তিনি মোল্লাগ্লাস হাউস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল হাশেম রোড বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহিম নড়াইল সদর উপজেলার চালতাতলা গ্রামের নিজাম কাজির ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।