রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে বাসের ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে বিজয় সরণির কলমীলতা মার্কেটের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস হালিমা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে তিনি মারা যান।
এসআই আরও জানান, হালিমা বেগম মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। ঘটনার পরপরই বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিহতের ছোট ভাই মো. মুসা খান জানান, তাদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। হালিমা বেগম তার মেয়েকে নিয়ে ভাইদের সঙ্গে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে থাকতেন।