রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ যুবক।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত জনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

নিহত ইসমাইল নোয়াখালী সেনবাগ উপজেলার আব্দুল জলিলের ছেলে। তিনি ধোলাইখালের একটি মেসে থাকতেন। সেখানে নিউ মা মটরসের কর্মচারী ছিলেন তিনি।

নিউ মা মটরসের মালিক ও এ ঘটনায় আহত মোহাম্মদ জনি জানান, তারা গত রাতে পিকআপভ্যানে করে মালামাল নিয়ে ময়মনসিংহ যান। সেখানে মালামাল পৌঁছে দিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোরে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচ দিয়ে আসার সময় আমতলী এলাকায় তাদের পিকআপভ্যানটি সামনের একটি কাভার্ড ভ্যানের পিছন ধাক্কা দেয়। এতে তারা দুজনই আহত হন। পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইসমাঈলকে মৃত ঘোষণা করেন।