রাজধানীর ইসিবি চত্বরে গাড়িচাপায় স্কুলছাত্র নিহত
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত হাসান আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে পথচারীদের ধাওয়ায় গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, 'ঘটনাস্থলের কাছাকাছি ওই গাড়ির চালক একটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পথচারীরা গাড়িটিকে ধরার জন্য ধাওয়া দেন। সেসময় দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।'
পরে শান্তকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক এখনো পলাতক। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।