পূর্ব তেজতুরী বাজারে ভবনে বিস্ফোরণ, ২ জন দগ্ধ
রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের একটি ৬ তলা ভবনে বিস্ফোরণে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ইয়াসিন (৩৫) ও মো. টিটু (২৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারক বলেন, 'বিস্ফোরণে ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ এবং টিটুর ৬৫ শতাংশ পুড়ে গেছে।'
এ বিষয়ে ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এ কে এম রহমতউল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিস্ফোরণের স্থানে আমাদের একটা ইউনিট কাজ করছে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে, আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।'
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।'
ওই ভবনের মালিক আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাড়িতে ৫-৬ জন ছেলে প্রায় তিন-চার বছর ধরে মেস হিসেবে থাকতো। আজ তিন তলার একটি বাসায় বিস্ফোরণ ঘটে।'