রাজধানীর বিজয় সরণিতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে বাসের ধাক্কায় পথচারী বশির আহমেদ (৪১) নিহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে বিজয় সরণি তেজগাঁও থানার উত্তর পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করে। এর আগে তাকে পঙ্গু হাসপাতাল ও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সকালে বিজয় সরণিতে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
মৃত বশির আহমেদ মাগুরা সদর উপজেলার বাসিন্দা। তিনি স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে কাফরুল ইব্রাহিমপুর এলাকায় থাকতেন।
বশির আহমেদের চাচা আবু জাফর জানান, বশির ফার্মগেটের পারটেক্স ফর্নিচার শো-রুমে চাকরি করত। জানতে পেরেছি, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।