রাজধানীর শ্যামপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার রাত ১১টা ৪৫মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭তলা একটি ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টায়র চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার পর ওই ফ্লোর থেকে বেশ কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন। তবে কেউ আটকা পড়েছে কি না সেটা আগুন নির্বাপণের পর বলা যাবে।'

এ ছাড়া, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।