রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন— সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩১)। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার কোপাপাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে লিয়াকত আলী আরও বলেন, নিহত দুই জন মোটরসাইকেলে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে একটি সেতুতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আজ সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে। নিহত দুই জনের স্বজনদের মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়েছে। তাদের মরদেহ নিয়ে যেতে বলা হয়েছে, বলেন লিয়াকত আলী।