রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়ার সার্ভিস কর্মী মাসুদ রানা পবা উপজেলার জঙ্গলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনি নাটোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মাসুদ রানা মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের গোপালহাটি এলাকায় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।