রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের ৬ দফা দাবি
সাভারে ধসে পরা রানা প্লাজার অহত শ্রমিকরা ৬ দফা দাবি জানিয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজার সামনে আহত শ্রমিকদের সংগঠন 'সাভার রানা প্লাজা সার্ভাইভার্স এসোসিয়েশন অব বাংলাদেশ' ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ৬ দফা দাবি জানান তারা।
দাবিগুলো হলো, রানা প্লাজায় আহত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ, শ্রমিকদের পুনর্বাসন, আজীবন চিকিৎসার ব্যবস্থা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যাকাণ্ড দিবস ঘোষণা করা।
কর্মসূচিতে অংশ নেওয়া আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন জানান, রানা প্লাজার পঞ্চম তলায় কাজ করতেন তিনি। রানা প্লাজা ধসের ঘটনায় পা, কোমর, মেরুদণ্ড এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছেন না।
নিলুফার বলেন, 'আমার অসুস্থতার কারণে ৫ বছর ধরে স্বামী আমায় ছেড়ে চলে গেছে। পঙ্গু শরীর নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বাধ্য হয়ে অল্পবয়স্ক ছেলেকে কাজে পাঠিয়েছি। শুধু আমি না আমার মতো হাজারো আহত শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।'
সাভার রানা প্লাজা সার্ভাইভার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রানা প্লাজা ধসে আহত শ্রমিক মাহমুদুল হাসান হৃদয় বলেন, '২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় আমাদের ১ হাজার ১৩৬ জন সহকর্মী মারা যান এবং আমিসহ হাজার হাজার শ্রমিক আহত হই। দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের দাবিগুলো পূরণ হয়নি।'
তিনি বলেন, 'রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে, শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, আজীবন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যাকাণ্ড দিবস ঘোষণা করতে হবে।'