রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে স্বামী-স্ত্রী দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি বাসার রান্না ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দাপা বালুরঘাট এলাকার একটি ৩ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় ওই আগুনের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন, টাঙ্গাইলের নুরুল আমিন (৩০) ও তার স্ত্রী আরজিনা বেগম (২০)। তারা সেখানকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে।'

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার স্টেশনের অপারেট ফায়ারম্যান মো. জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা ৭টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেয়। পরে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।'

তিনি আরও বলেন, '৩ তলা ভবনের পিছনে একটি জ্বালানি গ্যাসের পাইপ লাইন ফেটে তাদের রান্না ঘরে গ্যাস জমে। তারা যখন চুলা জ্বালানোর জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালায় তখনই বিস্ফোরণ হয়। এরপর বাইরের পাইপলাইনেও আগুন ধরে যায়। এ ছাড়া তেমন আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।'