রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লি ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার সকালে বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় রিঅ্যাকটর ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার আহমেদ (৩২) ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রকল্পের সাইট অফিস ইনচার্জ মো. রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বুধবার সকালে তুষার দ্বিতীয় রিঅ্যাকটর বিল্ডিংয়ে (চুল্লি ভবন) কাজ করছিলেন। অসতর্কতাবশত তিনি চুল্লি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।'
আহতাবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নিয়োগকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।