লঞ্চে আগুন: ক্ষতিপূরণের ২ রিট আবেদনের শুনানি কাল
এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্দেশনা চেয়ে করা দুটি রিট আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্টের ২ আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এবং সৌমিত্র সরদার গতকাল ওই নির্দেশনা চেয়ে জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্টে দুটি পৃথক রিট আবেদন করেন।
ইউনুস আলী তার রিটে কর্তৃপক্ষকে এই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা এবং গুরুতর আহত প্রত্যেককে ২০ লাখ টাকা দেওয়ার জন্য হাইকোর্টকে অনুরোধ করেন।
এ ঘটনার তদন্ত পরিচালনার জন্য সরকারকে বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিতে হাইকোর্টকে অনুরোধ করেছেন তিনি।
আইনজীবী সৌমিত্র সরদারের রিটে নিহতের পরিবারকে প্রাথমিক ব্যয় হিসাবে ১০ লাভ টাকা এবং প্রত্যেক জীবিত দগ্ধ ব্যক্তির চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে সরকারের কাছে একটি আদেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।