লঞ্চে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ স্কুলশিক্ষক শাহিনুর খাতুন স্বপ্না (৪৫) মারা গেছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যার দিকে আইসিইউতে মারা যান শাহিনুর। শ্বাসনালীসহ তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।'
শাহিনুর খাতুন স্বপ্নার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী গ্রামে। কেরাণীগঞ্জের জিনজিরা এলাকার ভাড়া বাড়িতে থেকে কেরাণীগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।
ঘটনার দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অভিযান-১০ লঞ্চে করে গ্রামের বাড়ি বরগুনায় বেড়াতে যাচ্ছিলেন শাহিনুর। অগ্নিকাণ্ডে তার স্বামী বাচ্চু মিয়া (৫১), ছেলে সাইফুল্লাহ মানসুর সাদিক (১৬) ও মেয়ে ইশরাত জাহান সাদিয়াও (২১) দগ্ধ হন।
তাদের মধ্যে ছেলে সাদিক প্রাথমিক চিকিৎসা নেয়। বাচ্চু মিয়ার শরীরের ৪ শতাংশ ও সাদিয়ার ২০ শতাংশ দগ্ধ হয়। তারা দুজন হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।